ঢাকা-১৪ ও ১৬ আসন সবচেয়ে ঝুঁকিপূর্ণ; ভোট চোরদের রুখতে কঠোর অবস্থানে সেনাবাহিনী!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনমতকে তোয়াক্কা না করে কোনো অপশক্তি যেন নাশকতা করতে না পারে, সে লক্ষ্যে ঢাকা-১৪ ও ১৬ আসনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার সকালে মিরপুর ইনডোর স্টেডিয়ামে নিরাপত্তা সংক্রান্ত এক ব্রিফিংয়ে মিরপুর ক্যাম্প কমান্ডার লে. কর্নেল এস এম ফুয়াদ মাসরুর এই সতর্কবার্তা দেন। তিনি জানান, ঢাকা-১৪, ১৬ ও ১৮ আসনের মোট ভোটকেন্দ্রের মধ্যে ১৮ শতাংশই ঝুঁকির মুখে রয়েছে। তবে এর মধ্যে ১৪ ও ১৬ আসনকে সবচেয়ে বেশি সংবেদনশীল এবং ‘অধিক ঝুঁকিপূর্ণ’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে, যেখানে সুষ্ঠু ভোট নিশ্চিতে সেনাবাহিনী কঠোর অবস্থানে থাকবে।

ভোটের দিন সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করতে যারা ষড়যন্ত্র করছে, তাদের হুঁশিয়ারি দিয়ে সেনাবাহিনী জানিয়েছে, ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে আসা-যাওয়া নিশ্চিত করতে তারা সদা প্রস্তুত। অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে এবং কেন্দ্রগুলোকে ঝুঁকি অনুযায়ী তিন স্তরে ভাগ করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। লে. কর্নেল ফুয়াদ মাসরুর আশ্বস্ত করেন যে, ভোটাররা যেন ভয়ভীতিহীন পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সেনাবাহিনী সেই নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে। এতে করে দীর্ঘ এক যুগের বঞ্চনা কাটিয়ে মানুষ তাদের ভোটাধিকার ফিরে পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

নির্বাচনকালীন সময়ে গণমাধ্যমকর্মীদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে সেনাবাহিনী জানায়, সাংবাদিকদের নিরাপত্তাও তাদের অগ্রাধিকার তালিকায় রয়েছে। কোনো ধরনের উসকানি বা অপপ্রচারে কান না দিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুরোধ জানানো হয়েছে, যাতে নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা সফল হতে না পারে। কোথাও কোনো নাশকতার আশঙ্কা থাকলে সাথে সাথে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সেনাবাহিনী মাঠ পর্যায়ে প্রার্থীদের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষায় বদ্ধপরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *