মুখোমুখি ভারত-পাকিস্তান

টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ‘মাদার অফ অল ব্যাটল’। মাঠের লড়াইয়ে ৫টি বিশেষ দ্বৈরথ নির্ধারণ করে দিতে পারে আজকের জয়-পরাজয়।

ক্রিকেট বিশ্বের সমস্ত চোখ আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের দিকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আজ সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই স্নায়ুচাপ আর মাঠের ভেতর ব্যক্তিগত শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই। আজকের ম্যাচে এমন ৫টি দ্বৈরথ রয়েছে, যার ফলাফল ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে।

অভিষেক বনাম শাহিন: গতির সামনে ব্যাটের ধার

পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত শাহিন আফ্রিদির ওপর ছড়ি ঘুরিয়েছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। এশিয়া কাপের তিন ম্যাচে শাহিনের ১৯ বলে ১৮৯.৫ স্ট্রাইক রেটে ৩৬ রান তুলেছেন তিনি। মজার ব্যাপার হলো, শাহিন একবারও তাকে আউট করতে পারেননি। আজ শাহিন কি পারবেন সেই প্রতিশোধ নিতে, নাকি অভিষেক আবার জ্বলে উঠবেন?

বুমরাহ বনাম ফারহান: বুমরাহকে সামলানোর চ্যালেঞ্জ

বিশ্বসেরা পেসার জাসপ্রিত বুমরাহকে সামলানো যেখানে অনেক ব্যাটারের কাছে দুঃস্বপ্ন, সেখানে সাহিবজাদা ফারহান বেশ দাপুটে। বুমরাহর ৩৪ বলে ফারহান করেছেন ৫১ রান, তাও আবার ১৫০ স্ট্রাইক রেটে। বুমরাহ কি আজ এই পাকিস্তানি ব্যাটারকে দ্রুত ফিরিয়ে ভারতকে স্বস্তি দেবেন?

বাবর বনাম বরুণ: মিস্ট্রি স্পিন বনাম অভিজ্ঞতা

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার বরুণ চক্রবর্তীর ‘মিস্ট্রি স্পিন’ আজ বড় পরীক্ষা নেবে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের। যদিও এর আগে বরুণের ১৩ বলে ১৭ রান করেছেন বাবর এবং একবারও আউট হননি, তবে বরুণের রহস্যময় অ্যাকশন মিডল ওভারে বাবরকে আটকে দিতে পারে।

সূর্যকুমার বনাম উসমান তারিক: মিস্টার ৩৬০ ডিগ্রি ও নতুন ‘তুরুপের তাস’

ভারতের ব্যাটিং স্তম্ভ সূর্যকুমার যাদব মাঠের চারপাশে শট খেলতে দক্ষ। তাকে আটকাতে পাকিস্তান আজ ব্যবহার করতে পারে তাদের নতুন তুরুপের তাস উসমান তারিককে। অদ্ভুত বোলিং অ্যাকশনের উসমানকে প্রথমবারের মতো মোকাবিলা করবেন সূর্য। এই দ্বৈরথটি দেখার জন্য মুখিয়ে আছে ক্রিকেট বিশ্ব।

হার্দিক বনাম ফাহিম: অলরাউন্ডারদের লড়াই

দুই দলের দুই সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও ফাহিম আশরাফ। তারা শুধু বল হাতেই নয়, ম্যাচের শেষ দিকে ফিনিশার হিসেবেও গুরুত্বপূর্ণ। দুই দলের ভারসাম্য রক্ষায় এই দুই অলরাউন্ডারের পারফরম্যান্স আজ ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে।

ভারত-পাকিস্তান ম্যাচে যে দল ছোট ছোট এই ব্যক্তিগত লড়াইগুলোতে জিতবে, দিনশেষে তারাই সাফল্যের হাসি হাসবে। ক্রিকেটপ্রেমীরা আজ একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশায় প্রহর গুনছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *