সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল: শিরোপা নির্ধারণী লড়াইয়ে আজ বাংলাদেশ–ভারত

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। নেপালের পোখারায় স্থানীয় সময় বিকেল ৩টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই শিরোপা নির্ধারণী ম্যাচ।

এক বছর আগে নাটকীয়ভাবে শেষ হওয়া ফাইনালের স্মৃতি এখনও দুই দলের কাছেই তাজা। ২০২৪ সালে ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময় ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারেও কোনো দল এগোতে না পারায় দুই দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

এবারের ফাইনালের আগে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে বাংলাদেশ। গ্রুপপর্বেই শক্তিশালী ভারতকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে লাল-সবুজের মেয়েরা। এই জয় বাংলাদেশ দলকে মানসিকভাবে বাড়তি শক্তি জুগিয়েছে।

বাংলাদেশ দলের প্রধান কোচ পিটার বাটলার ম্যাচের আগে জানান, মাঠের অবস্থা ভালো না হওয়ায় অনুশীলনের ওপর বাড়তি চাপ দিতে চাননি তিনি। চোট সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাটলার বলেন, কয়েকজন খেলোয়াড় ইনজুরিতে পড়ায় তার মূল লক্ষ্য হচ্ছে সম্পূর্ণ সুস্থ একটি দল মাঠে নামানো।

প্রতিপক্ষ সম্পর্কে ভালো ধারণা থাকার কথা জানিয়ে তিনি বলেন, ভারত দলে বেশ কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। তাদের বিপক্ষে জিততে হলে বাংলাদেশকে নিজেদের সর্বোচ্চ পারফরম্যান্স দিতে হবে এবং সতেজ থাকতে হবে।

চোটের কারণে পুরো টুর্নামেন্টজুড়েই দল নিয়ে কিছুটা রদবদল করতে হয়েছে কোচকে। বাটলারের মতে, ফাইনালে রিজার্ভ বেঞ্চের শক্তিই ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।

অনূর্ধ্ব-১৯ পর্যায়ে এর আগে দুবার ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত। ২০২১ সালে ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। পরের আসরে দুই দল যুগ্ম চ্যাম্পিয়ন হয়। এবার বাংলাদেশের সামনে সুযোগ এককভাবে আবারও সেরা হয়ে ওঠার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *