ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি, বিনিয়োগ বাড়ানো এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠাই তার প্রধান লক্ষ্য। জনগণকে সঙ্গে নিয়ে ভবিষ্যতে এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
শুক্রবার রাজধানীর সূত্রাপুর থানার ক্যাপিটাল জেনারেল হাসপাতালের সামনে ধানের শীষের গণসংযোগের আগে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন ইশরাক হোসেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত থাকার কারণে এ এলাকায় বিনিয়োগ কমেছে, ফলে বেকারত্ব বেড়েছে এবং শিক্ষিত তরুণরা কাজের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। পরিকল্পিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে এই পরিস্থিতি পরিবর্তন করা হবে বলে জানান তিনি।
এ সময় তিনি অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী কয়েকটি দল সভা-সমাবেশে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে। পাশাপাশি গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের প্রতি সমর্থন জানিয়ে ইশরাক বলেন, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের অভিজ্ঞতা তাদের পারস্পরিক ঐক্যকে আরও শক্ত করেছে। তিনি পটুয়াখালী-৩ আসনে জোট প্রার্থী হিসেবে ভিপি নুরুল হক নুরকে আগামী ১২ ফেব্রুয়ারি ‘ট্রাক’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
ভিপি নুরুল হক নুরের কারাবন্দি জীবনের কথা উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, আহত অবস্থায় তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয় এবং কারাগারের একটি পরিত্যক্ত কক্ষে রাখা হয়েছিল। কঠিন সেই সময়ে খাবারের সংকট থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা একে অপরের সঙ্গে খাবার ভাগ করে দিন কাটান বলে জানান তিনি।
এলাকার সমস্যা ও নির্বাচনী সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইশরাক বলেন, নতুন ও তরুণ ভোটারদের সবচেয়ে বড় সংকট হলো বেকারত্ব। এ সমস্যা সমাধানে বিনিয়োগ বাড়িয়ে স্থানীয় অর্থনীতিকে সক্রিয় করা হবে। ক্ষুদ্র ব্যবসায়ী, আইটি খাত এবং ফ্রিল্যান্সিংয়ে আগ্রহীদের জন্য বিএনপির ঘোষিত ৩১ দফার আলোকে প্রণোদনা দেওয়ার কথাও জানান তিনি।
পুরান ঢাকা, সূত্রাপুর ও কোতোয়ালি এলাকায় অনলাইনভিত্তিক ক্ষুদ্র ব্যবসা গড়ে তোলার সুযোগ তৈরি করা হবে উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে তরুণরা নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কাজের সুযোগ সৃষ্টি করতে পারবে।
মাদক সমস্যাকে এলাকার অন্যতম বড় চ্যালেঞ্জ উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। পাশাপাশি ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট স্থাপনের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলে দেশ ও বিদেশে কর্মসংস্থানের পথ সুগম করার পরিকল্পনার কথাও জানান তিনি।
পথসভায় গণঅধিকার পরিষদের নেতা মোহাম্মদ ফখরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দফতর সম্পাদক সাইদুর রহমান মিন্টু, সূত্রাপুর থানা বিএনপির আহ্বায়ক মো. আজিজুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

