জরুরি ভিত্তিতে ২৭০১ কনস্টেবল নিয়োগের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশ বাহিনীতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসাথে পুলিশের নিয়োগ ও পদায়নে বড় পরিবর্তনের বার্তা দিয়েছেন তিনি।

বাংলাদেশ পুলিশ বাহিনীতে জনবল সংকট নিরসন ও শৃঙ্খলা ফেরাতে জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য নিশ্চিত করেন। বৈঠকে পুলিশের চেইন অব কমান্ড পুনরুদ্ধার এবং স্বচ্ছতা নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়।

নিয়োগ ও পদায়নে আমূল পরিবর্তন

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিগত সরকারের সময় লটারির মাধ্যমে ওসি ও এসপি নিয়োগের যে বিতর্কিত প্রথা চালু ছিল, তা সম্পূর্ণ বাতিল করা হয়েছে। এখন থেকে প্রার্থীর সার্ভিস রেকর্ড, পেশাদার দক্ষতা এবং যোগ্যতার ভিত্তিতেই পদায়ন করা হবে। তিনি স্পষ্ট করে বলেন, ‘লটারি পদ্ধতি স্বচ্ছ ছিল না। পুলিশ বিভাগ যাকে যোগ্য মনে করবে, তাকেই উপযুক্ত স্থানে দায়িত্ব দেওয়া হবে।’ এছাড়া জেলা পুলিশ সুপারদের (এসপি) পলিটিক্যাল প্রটোকল পরিহার করে কেবল বিধিবদ্ধ প্রটোকল অনুসরণের নির্দেশ দেন তিনি।

হয়রানি রোধ ও মামলার স্বচ্ছতা

গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর দায়ের হওয়া মামলাগুলোতে অনেক নিরপরাধ ব্যক্তি ও ব্যবসায়ীকে আসামি করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, ‘কিছু সুবিধাবাদী মানুষ নির্দোষ ব্যক্তিদের হয়রানি করছে। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি মামলা অত্যন্ত গুরুত্বের সাথে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য। আইনের শাসনের নামে কোনো নিরপরাধ মানুষ যেন ভোগান্তির শিকার না হয়, তা নিশ্চিত করা হবে।’

পাসপোর্ট সেবা ও বিডিআর বিদ্রোহ তদন্ত

পাসপোর্ট অফিসের দালালদের দৌরাত্ম্য কমাতে সাব-রেজিস্ট্রি অফিসের আদলে ‘এনলিস্টেড সহায়তাকারী’ নিয়োগের পরিকল্পনা করছে সরকার। যারা অনলাইনে অভ্যস্ত নন, তারা নির্দিষ্ট সার্ভিস চার্জের বিনিময়ে এসব নিবন্ধিত প্রতিনিধিদের সহায়তা নিতে পারবেন। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিশ্রুতি দেন যে, বিডিআর বিদ্রোহের ঘটনা পুনরায় তদন্তে একটি স্বাধীন কমিশন গঠন করা হবে এবং ২০০৬ সালে নিয়োগবঞ্চিত সাব-ইন্সপেক্টরদের আদালতের রায় অনুযায়ী পুনরায় নিয়োগ দেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশের কাজে কোনো অননুমোদিত রাজনৈতিক বা ব্যক্তিগত হস্তক্ষেপ সহ্য করা হবে না। পুলিশের ক্ষমতার অপব্যবহার যেমন বরদাশত করা হবে না, তেমনি পুলিশের আইনি কাজে বাধা দিলে কাউকেও ছাড় দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *