রমজানে উত্তপ্ত আফগান সীমান্ত, পাকিস্তানি হামলায় হতাহত ৮৩১

পবিত্র রমজান মাসের মধ্যেই আফগানিস্তানে বড় সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান। ‘অপারেশন গজব লিল হক’ নামের এই হামলায় ৮ শতাধিক মানুষ হতাহতের খবর পাওয়া গেছে।

পবিত্র রমজানের শান্তির আবহের মধ্যেই প্রতিবেশী দেশ আফগানিস্তানের ভূখণ্ডে ভয়াবহ সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান। ‘অপারেশন গজব লিল হক’ নামের এই অভিযানে দুই দেশের সীমান্ত এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘর্ষে দুই পক্ষেই ব্যাপক প্রাণহানির খবর পাওয়া গেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, এই অভিযানে এখন পর্যন্ত হতাহতের সংখ্যা ৮৩১ ছাড়িয়ে গেছে।

‘অপারেশন গজব লিল হক’-এর ক্ষয়ক্ষতি

পাকিস্তানের সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, তাদের মুহুর্মুহু হামলায় এখন পর্যন্ত ৩৩১ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত পাঁচ শতাধিক ব্যক্তি। পাকিস্তানি বাহিনী দাবি করেছে, তারা আফগানিস্তানের অভ্যন্তরে ১০৪টি চেকপোস্ট ধ্বংস করেছে এবং অন্তত ২২টি পোস্ট নিজেদের দখলে নিয়েছে। এছাড়া আফগান বাহিনীর ১৬৩টি ট্যাংক ও সামরিক যান চুরমার করে দেওয়ার দাবিও করেছে ইসলামাবাদ।

আফগানিস্তানের পাল্টা দাবি ও হুঁশিয়ারি

এদিকে পাকিস্তান বড় ধরণের ক্ষয়ক্ষতির দাবি করলেও চুপ নেই কাবুল। আফগানিস্তানের তালেবান সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের পাল্টা হামলায় অন্তত ৫৫ জন পাকিস্তানি সেনা প্রাণ হারিয়েছেন। বর্তমান পরিস্থিতির ভয়াবহতা নিয়ে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, পাকিস্তান যদি এই সামরিক আগ্রাসন অব্যাহত রাখে, তবে আফগান বাহিনীও চূড়ান্ত পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। তিনি সতর্ক করে বলেন, ‘আমাদের হাত তাদের (পাকিস্তানের) গলা পর্যন্ত পৌঁছাতে পারে।’

আফগানিস্তান ও পাকিস্তানের এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। পবিত্র রমজান মাসে এমন সংঘাত সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি করেছে। বিশ্লেষকরা মনে করছেন, কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান না হলে এই সীমান্ত যুদ্ধ দীর্ঘস্থায়ী রূপ নিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *