পাকিস্তানের করাচি শহরের এম এ জিন্নাহ সড়কে অবস্থিত একটি বহুতল বাণিজ্যিক ভবনে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির সংখ্যা ২৬-এ উন্নীত হয়েছে। ভবনে এখনও অনেকে আটকা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এ তথ্য জানিয়েছে জিও নিউজ।
সোমবার (১৯ জানুয়ারি) উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থল থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করেছে, যার মধ্যে একটি শিশুর দেহও রয়েছে। প্রায় ৬৯ জন মানুষ এখনও নিখোঁজ থাকার তথ্য পাওয়া গেছে।
উদ্ধার অভিযানে নিয়োজিত ফায়ার ব্রিগেডের কর্মকর্তারা জানিয়েছেন, ভবনের নিচতলায় উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়েছে। দ্বিতীয় তলায় অনুসন্ধান চালাতে উদ্ধারকারীরা প্রবেশ করছেন।
ডেপুটি ইনস্পেক্টর জেনারেল সাউথ আসাদ রাজা জানান, এ পর্যন্ত ছয়টি মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকিদের শনাক্তকরণ কেবলমাত্র ডিএনএ পরীক্ষার মাধ্যমেই সম্ভব হবে। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান পর্যন্ত ৬৯ জন নিখোঁজ রয়েছেন বলে তথ্য পাওয়া গেছে।
করাচির মেয়র মুর্তজা ওয়াহাব দুর্ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ১৮টি দেহ শনাক্ত করা হয়েছে। তবে ৬৫ জন এখনও নিখোঁজ রয়েছেন।
ভবনের আশপাশের এলাকায় প্রচুর মানুষ সমবেত হয়েছেন এবং অনেকে ক্ষতিগ্রস্ত অংশে প্রবেশের চেষ্টা চালিয়েছেন। উপস্থিত জনতা ক্ষতিগ্রস্তদের জন্য সুবিচারের দাবি তুলেছেন।
এই অগ্নিকাণ্ড টানা ২৪ ঘণ্টারও বেশি সময় জ্বলে, যা জনবহুল এলাকায় উদ্ধার তৎপরতায় জটিলতা সৃষ্টি করে। অগ্নিনির্বাপক কর্মীরা জানান, ভবনে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা না থাকায় ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে, যা আটকে পড়া মানুষদের কাছে পৌঁছানোর প্রচেষ্টাকে ব্যাহত করেছিল।

