দেশের কৃষি খাত এগিয়ে নিতে কৃষকদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার ওপর জোর দিয়েছেন কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত একদিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
কৃষি উপদেষ্টা বলেন, শিল্পপতিরা ব্যাংক থেকে বিশাল অঙ্কের ঋণ নিয়ে ফেরত দেন না। অথচ কৃষকরা ঋণের জন্য আবেদন করলে তা পাওয়া যায় না। উপরন্তু শিল্প মালিকরা মাত্র দুই শতাংশ সুদে ব্যাংক ঋণ মাফ পেয়ে যান এবং বিভিন্ন ধরনের প্রণোদনা সুবিধা লাভ করেন।
তিনি বলেন, আমি সম্ভবত আর দীর্ঘদিন এই খাতে কাজ করার সুযোগ পাবো না, কৃষি সম্পর্কে ভবিষ্যতে মতামত দেওয়ার সুযোগও থাকবে না। তাই এখনই বলতে চাই, এই কৃষকরাই জাতির প্রকৃত ভিত্তি; আমরা মুখে এ কথা বললেও বাস্তবে তা প্রয়োগ করি না। এই কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পান না।
তিনি আরও বলেন, সঠিক দাম না পাওয়ায় কৃষকরা তাদের ফসল পরিত্যাগ করতে বাধ্য হন। আমরা কিছুদিন হা-হুতাশ করি। গণমাধ্যম দু-একটি প্রতিবেদন প্রকাশ করে। কিন্তু তাদের ক্ষতি পূরণে প্রণোদনা দিতে গেলে নানা বাধার সম্মুখীন হতে হয়।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এরকম পরিস্থিতি চলতে থাকলে কৃষকরা টিকতে পারবেন না। আর কৃষকদের সমৃদ্ধি ছাড়া দেশের উন্নয়ন অসম্ভব। সুতরাং কৃষি খাতের প্রকৃত উন্নয়নের জন্য কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে হবে।

