পরিবহন মালিক সংগঠনগুলোর মধ্যে বিরোধের জেরে রাঙামাটি জেলা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতি। এই সিদ্ধান্তে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
বৃহস্পতিবার সকাল থেকে জেলার সব বাস টার্মিনাল নিস্তব্ধ। আগাম কোনো বিজ্ঞপ্তি ছাড়াই এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুততম সময়ে সংকট নিরসন এবং স্বাভাবিক বাস সেবা পুনরায় চালুর আহ্বান জানিয়েছেন।
সূত্র জানায়, সৌদিয়া পরিবহন সার্ভিস তাদের দুটি গাড়ি দিয়ে রাঙামাটি-ঢাকা পথে যাত্রী পরিবহন কার্যক্রম শুরু করলেও স্থানীয় মালিক সমিতিতে নির্ধারিত টোকেন ফি পরিশোধ করেনি। এ নিয়ে বুধবার মালিক সমিতি সৌদিয়া পরিবহনের কাউন্টার বন্ধ করে দেয়। পরবর্তীতে জেলা প্রশাসনের মধ্যস্থতায় কাউন্টার পুনরায় খোলা হয়। কিন্তু এর প্রতিক্রিয়ায় মালিক সমিতি কোনো পূর্ব ঘোষণা ব্যতীতই পরদিন সকাল থেকে সব বাস চলাচল স্থগিত করে।

