মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ৬ জনের প্রাণহানি

মাদারীপুর সদর উপজেলায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা পিষ্ট হয়ে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কিছু মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর মিলগেইট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতর থেকে পাঠানো সংক্ষিপ্ত বার্তায় ছয়জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে একজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তিনি কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার বাসিন্দা শাহ আলমের পুত্র রুমান।

ঘটনার বিবরণ অনুযায়ী, মাদারীপুর থেকে রাজধানীর উদ্দেশে যাত্রা করছিল সার্বিক পরিবহনের একটি বাস। মিলগেইট এলাকায় পৌঁছালে বাসটি একটি যাত্রীবাহী ইজিবাইকের ওপর উঠে যায়। প্রচণ্ড ধাক্কায় ইজিবাইকটি সম্পূর্ণ বিকৃত হয়ে যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে গিয়ে পড়ে। দুর্ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এছাড়া বেশ কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয় মানুষ আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে স্থানান্তর করেন। চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। এদিকে, উদ্ধার কার্যক্রম এখনো চলমান রয়েছে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।

মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, বিকেলে ঘটক কান্দা এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। সার্বিক পরিবহনের বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে চলে যায় এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই ৬ জন প্রাণ হারান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *