সাম্প্রদায়িক বিভাজনের অবসান ঘটিয়ে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার প্রত্যয় বিএনপির : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না এবং সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করবে। তিনি বলেন, যারা হিন্দু-মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করতে চায়, তারা মূলত দেশের ক্ষতি করছে। সবাই একসঙ্গে এগিয়ে গেলে কোনো শক্তিই দেশের অগ্রযাত্রা থামাতে পারবে না, তবে বিভাজনের রাজনীতি দেশকে পিছিয়ে দেয়।

শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা নিমবাড়ী এলাকায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে মির্জা ফখরুল বলেন, জনগণের ভোট একটি পবিত্র আমানত, আর সেই আমানতের দায়িত্ব তিনি সততার সঙ্গে পালন করবেন। রাজনীতিতে নৈতিকতা ও স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরে তিনি জানান, মন্ত্রী থাকাকালীন সময়ে তিনি ব্যক্তিগত সুবিধা গ্রহণ থেকে বিরত ছিলেন এবং সবসময় জবাবদিহির রাজনীতি করার চেষ্টা করেছেন।

তিনি বিএনপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথাও তুলে ধরেন। বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দেশের এক কোটি মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। কৃষকদের সহায়তায় ‘কৃষি কার্ড’ এবং নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যাতে তারা সহজে সরকারি সুবিধা পেতে পারেন। পাশাপাশি কৃষি খাতে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ এবং এনজিও ঋণ পরিশোধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

বিএনপি মহাসচিব আরও বলেন, বিএনপির রাজনীতি মানুষের কল্যাণ এবং টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত। এই দেশে হিন্দু-মুসলমান যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করে আসছে, আর সেই সম্প্রীতির ধারাকে আরও শক্তিশালী করাই দলের লক্ষ্য। সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি চিরতরে বন্ধ করে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

দীর্ঘ সময় ধরে দেশের মানুষ দমন পীড়নের শিকার হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বহু বছর পর জনগণের হাতে আবারও নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে। তিনি বলেন, ভোটাররাই রাষ্ট্রের প্রকৃত মালিক, তাই সচেতন সিদ্ধান্ত নিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *