এএফসি নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ উজবেকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। জয় পেলেই নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখতে পারবে লাল-সবুজরা।
এএফসি নারী এশিয়ান কাপের ‘বি’ গ্রুপের তলানির দুই দল বাংলাদেশ ও উজবেকিস্তান আজ একে অপরের মুখোমুখি হচ্ছে। টুর্নামেন্টের আগের দুই ম্যাচে পরাজিত হওয়ায় দুই দলের জন্যই আজকের ম্যাচটি কার্যত নকআউট পর্বে যাওয়ার শেষ সুযোগ। অস্ট্রেলিয়ার পার্থের রেক্টাঙ্গুলার স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে এই হাইভোল্টেজ লড়াই। জয় পেলে তিন গ্রুপের সেরা তৃতীয় দল হিসেবে পরবর্তী রাউন্ডে যাওয়ার স্বপ্ন উজ্জ্বল হবে বাংলাদেশের।
পরবর্তী রাউন্ডে যাওয়ার সমীকরণ
গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে চীনের কাছে ২-০ এবং উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ। অন্যদিকে উজবেকিস্তানও তাদের আগের ম্যাচগুলোতে জয়ের মুখ দেখেনি। আজকের ম্যাচে যারা জয় পাবে, তাদের সামনে সুযোগ থাকবে কোয়ার্টার ফাইনালে ওঠার। ড্র বা হারলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে মারিয়া-আফঈাদাদের। তাই পূর্ণ পয়েন্ট অর্জনের লক্ষ্য নিয়েই আজ মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।
র্যাংকিং ব্যবধান ও কোচের রণকৌশল
ফিফা র্যাংকিংয়ে দুই দলের মধ্যে আকাশ-পাতাল ব্যবধান রয়েছে। উজবেকিস্তান যেখানে ৪৯তম অবস্থানে, বাংলাদেশ সেখানে ১১২তম। অর্থাৎ ফিফা র্যাংকিংয়ে ৬৩ ধাপ এগিয়ে আছে উজবেকিস্তান। তবে এই ব্যবধান নিয়ে চিন্তিত নন বাংলাদেশ দলের প্রধান কোচ পিটার বাটলার। তিনি বলেন, “আমরা শুধু রক্ষণাত্মক নয়, বরং প্রেসিং এবং আক্রমণাত্মক ফুটবল খেলার পরিকল্পনা করছি। উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য বড় শিক্ষা ছিল। আমরা সেই ইতিবাচক দিকগুলো নিয়ে আজ মাঠে নামব।”
পার্থের ঐতিহাসিক মাঠ ও স্মৃতি
পার্থের এই রেক্টাঙ্গুলার স্টেডিয়ামটির সঙ্গে বাংলাদেশের ফুটবলের একটি পুরনো যোগসূত্র রয়েছে। ২০১৫ সালে এই মাঠেই বিশ্বকাপ বাছাইপর্বে জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন পুরুষ দল অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল। যদিও সেই ম্যাচে বাংলাদেশ ৫-০ গোলে হেরেছিল, তবে প্রায় এক যুগ পর একই মাঠে নারী দলের সামনে সুযোগ এসেছে নতুন এক ইতিহাস লেখার।
অধিনায়ক আফঈদা খন্দকার জয়ের ব্যাপারে আশাবাদী হলেও দেশের মাঠ ও সুযোগ-সুবিধা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন। তবে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের সেরাটা দিয়ে লড়তে মুখিয়ে আছে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

